রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা।
রোববার (১৫ মার্চ) দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন- ঝালকাঠির বেতরা এলাকার মৃত আ. মজিদ হাওলাদারের ছেলে মো. নাছির উদ্দিন (৫৫) এবং রাজধানীর ডেমরার আমুলিয়া এলাকার কামাল হোসেনের ছেলে মো. রাসেল (৩৮)।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা চৌরাস্তা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছিল। অভিযানের একপর্যায়ে হলুদ ও নীল রঙের একটি কাভার্ড ভ্যানকে (ঢাকা মেট্রো-ট-১১-৮৯৪৯) থামার সংকেত দিলে চালক ও তার সহযোগী গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন। পরে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাদের ডেমরা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার আজ এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
দেশ প্রতিবেদক 









