ইসরায়েলি হামলার জবাব শেষ হয়নি বরং দেশটির বিরুদ্ধেও ইরানের হামলা চলবে। দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বরাতে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।
শনিবার ফার্স জানিয়েছে, ভবিষ্যতে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করতে পারে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)। আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিনা শাস্তিতে যে পার পাওয়া যায় না, তা ইরান প্রমাণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল রিশেক। ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান, একে ‘অন্যায্য ও অবৈধ আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে ইসলামাবাদ। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলা ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং এটি জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার স্পষ্ট পরিপন্থি।
তেহরানে শুক্রবার পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। ‘অপারেশন ট্রু প্রমিজ ৩’ নামের এ অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়। এতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
অন্যদিকে ইসরায়েলের ইংরেজি পত্রিকা দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত অন্তত ৬৩ জন আহত হয়েছেন। তেল আবিব ও জেরুসালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি।
এছাড়া ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত দুজন নিহত হয়েছে। ইসরায়েলের সমুদ্র উপকূলবর্তী সমতল এলাকায় অন্তত ২১ জন আহত হয়েছে। আহতদের মাঝে ছিলেন ৬০ বছর বয়সি এক নারী, যাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তবে, তখন তার শরীরে কোনো প্রাণচিহ্ন পাওয়া যায়নি। এছাড়া ৪৫ বছর বয়সি এক পুরুষকেও উদ্ধার করা হয়, পরে যাকে মৃত ঘোষণা করা হয়, জানিয়েছে এমডিএ।
ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ কথা জানিয়েছে।
এক্সে দেওয়া পোস্টে তারা লিখেছে, ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত হওয়ার পর-ই বিভিন্ন অঞ্চলের ওয়ার্নিং সিস্টেম চালু করা হয়েছে। সেখানে আরও বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী হামলার উৎস শনাক্ত করছে এবং প্রয়োজন অনুযায়ী উৎসকে লক্ষ্য করে প্রতিরোধমূলক অভিযানে নামছে। তবে, ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম তথা প্রতিরক্ষা ব্যবস্থা ‘শতভাগ দুর্ভেদ্য না’ উল্লেখ করে দেশটির সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, তারা যেন সমস্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলে।
যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাব পুতিনের : চলমান উত্তেজনা নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন তিনি। আরটির খবরে বলা হয়, পেজেশকিয়ান ও নেতানিয়াহুকে পুতিন টেলিফোন করেছিলেন। এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করেছিলেন। টেলিফোনে তিনি ইরানে ইসরায়েলি হামলায় নিহতদের পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন। ইসরায়েলের এই হামলা জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনবিরোধী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, একই দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও টেলিফোন করেছেন প্রেসিডেন্ট পুতিন। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা আরও না বাড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েল এবং ইরানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, তা থামানোর জন্য মধ্যস্থতাকারী দেশ হিসেবে রাশিয়ার নাম প্রস্তাব করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছেন, পরমাণু প্রকল্প ও অন্যান্য যেসব ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলছেÑ সেসব আলোচনা ও কূটনৈতিক পন্থায় সমাধান করা সম্ভব।
মোদিকে নেতানিয়াহুর ফোন : ইরানের সঙ্গে সামরিক সংঘাতের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইরানে ‘অপারেশন রাইজিং লায়ন’ সম্পর্কে ভারতের প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৩ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন বেনিয়ামিন নেতানিয়াহু।
বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে ফোনকল পেয়েছি। তিনি আমাকে ফোনে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। আমি এই ইস্যুতে ভারতের উদ্বেগের কথা জানিয়েছি এবং জোর দিয়েছি যে, এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধার করা জরুরি।
পাল্টা হামলায় তিন ইসরায়েলি নিহত : ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এ পর্যন্ত অন্তত তিনজন নিহত হয়েছে। হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।
সংস্থাটি জানিয়েছে, শনিবার ইসরায়েলের সমুদ্র উপকূলবর্তী সমতল এলাকায় অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছিলেন ৬০ বছর বয়সি একজন নারী। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া ৪৫ বছর বয়সি এক পুরুষকেও উদ্ধার করা হয়, পরে যাকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে এমডিএ।
তেহরানে শিশুসহ নিহত আরও ৬০ জন : ইরানের তেহরানে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা। এর আগে শুক্রবার ইসরায়েলের প্রথম দফা হামলায় মোট ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হন বলে জানান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত।
দীর্ঘস্থায়ী হতে পারে ইরান-ইসরায়েল যুদ্ধ : মধ্যপ্রাচ্যে নিজেদের চিরশত্রু ইরানের রাজধানী তেহরানসহ দেশটির শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি করা এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন রাইজিং লায়ন বা জেগে উঠা সিংহ। হামলার মূল কারণই ছিল পশ্চিমাদের ভাষায় ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচির সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়া। হামলার পাল্টা প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যকে একটি পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এ যুদ্ধ এত সহজে বন্ধ হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে, ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার ভোরে বিভিন্ন অঞ্চলে একাধারে চালানো হামলায় দেশটির প্রতিরক্ষা বাহিনীর অন্তত পাঁচ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে আছেন সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি ও রেভল্যুশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি।
জবাবে অন্তত ১০০ ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা হামলা চালায় ইরান। শুক্রবার রাতে চালানো ‘অপারেশন ট্রু প্রমিজ-৩’ নামের ওই অভিযানে ইসরায়েলের তেল আবিবে বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া উড়তে দেখা যায়। পরপর দুই দফায় ইসরায়েলে এ ক্ষেপণাস্ত্র হামলা হয়। এ সময় সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দেয় প্রশাসন।
এর আগে ইসরায়েলে দফায় দফায় হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত রাজনীতিক আলি শামখানি। অন্তত ২০০ যুদ্ধবিমান দিয়ে চালানো ইরানের ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলায় প্রাণ গেছে ছয় পরমাণু বিজ্ঞানীরও। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা। ভোর থেকে দিনভর দফায় দফায় এ হামলা হয়।
বেসরকারি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, হামলায় নারী-শিশুসহ অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হন ৩২০ জন। এটাকে ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল’ বলে বর্ণনা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাতিসংঘকে লেখা চিঠিতে তিনি বলেন, নিরাপত্তা কাউন্সিলের উচিত বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসা।
ব্যাপক ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে শুক্রবার রাতেও ইরানে হামলা অব্যাহত রাখে ইসরায়েল। সামরিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণের স্থানকে লক্ষ্যবস্তু করা হয়।
ব্রেকিং নিউজ
পাল্টা হামলায় তেহরানে শিশুসহ নিহত আরও ৬০ জন
জবাব শেষ হয়নি, ইসরায়েলে হামলা চলবে
-
দেশ ডেস্ক - প্রকাশ : ০৩:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- ১১৩ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়










