বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতে অবস্থানরত জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের আইএএনএসকে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি।’
ইমেইলে দেয়া শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আইএএনএস। ওই প্রতিবেদনে বলা হয়, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তার কাছে আইএএনএস ইমেইলে খালেদা জিয়ার জটিল স্বাস্থ্যগত অবস্থা এবং সাম্প্রতিক রিপোর্ট সম্পর্কে জানতে চায়। জবাবে শেখ হাসিনা ওই মন্তব্য করেন।
ওই রিপোর্টে আরও বলা হয়, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন। ঢাকায় এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। সেখানে তার চিকিৎসা তদারক করছেন স্থানীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডাক্তাররা।
খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর তার মেডিকেল বোর্ডের পরামর্শে ২৩শে নভেম্বর রাতে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে, ২৭শে নভেম্বর সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন তিনি। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে বিমানে করে লন্ডনে নেয়ার পরিকল্পনা বিলম্বিত হচ্ছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া শুক্রবারের রিপোর্টে বলেছে, খালেদা জিয়া সফর করতে পারবেন কিনা তা পুরোটাই নির্ভর করছে তার স্বাস্থ্যগত অবস্থার ওপর। যদি তিনি সফর করার মতো অবস্থায় থাকেন এবং মেডিকেল বোর্ড অনুমতি দেয় তাহলে রবিবার ৭ই ডিসেম্বর তাকে চিকিৎসার জন্য পাঠানো হতে পারে। কিন্তু নানা জটিলতায় তা আটকে আছে।
Reporter Name 









