ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগে দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অন্য আসামী হলেন-ফয়সাল করিমের সহযোগী আলমগীর হোসেন।
এএনআই’র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা নিজ দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ করে ভারতে অনুপ্রবেশ করেছে বলে ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য ছিল। বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।
পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স বলছে, ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরার শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁয় আসে বাংলাদেশে ‘ফেরার উদ্দেশ্যে’।
এ বিষয়ে মামলা হয়েছে জানিয়ে এসটিএফ বলছে, রোববার আদালতে হাজির করার পর তাদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
দেশ ডেস্ক 









