ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ হতে যাচ্ছে শুক্রবার। নতুন এই দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম আর সদস্যসচিব হচ্ছেন আখতার হোসেন। শতাধিক সদস্য বিশিষ্ট কমিটি হতে যাচ্ছে নতুন এই দলের। আত্মপ্রকাশের দিনেই বিশাল জমায়েত করার পরিকল্পনা দলটির।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। গত ১৪ সেপ্টেম্বর আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়।
যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে ছয়টি শীর্ষ পদসহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১০০ থেকে ১৫০ জন। ধাপে ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ করা হতে পারে। আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব হিসেবে আখতার হোসেনের নাম প্রায় চূড়ান্ত। হাসনাত আবদুল্লাহকে দলের মুখপাত্র এবং সারজিস আলমকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। দল গঠনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। বাংলাদেশ বৈষম্যবিরোধী নাগরিক দল, বাংলাদেশ নাগরিক দল, বাংলাদেশ জাতীয় শক্তিÑ এই তিনটি নাম আলোচনায় আছে দলের নাম হিসেবে।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, ‘আমরা মনে করি দলের নেতৃস্থানে যারা থাকবেন, এখানে স্ট্রাকচারটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম লেয়ার থেকে শেষ লেয়ার পর্যন্ত যেন একটা ক্লিয়ার কানেকশন থাকে।’
নেতারা বলছেন, নতুন রাজনৈতিক দলটি হবে মধ্যপন্থার। এটি ব্যক্তিকেন্দ্রিক হওয়ার সুযোগ নেই। আত্মপ্রকাশের পরই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করা হবে বলেও জানান তারা।
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আমাদের দলের অন্যতম একটি পন্থা হচ্ছে মধ্যমপন্থা। আমরা না ডান, না বাম। আমরা মনে করি, এ মুহূর্তে বিভিন্ন পারসপেকটিভ থেকে মধ্যম পন্থা বাংলাদেশের জন্য সবচেয়ে উপযোগী।’
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যে ক্রাইটেরিয়া সেট করে দেওয়া হয়েছে, সেগুলো পূরণ করতেও সময় লাগবে বলে আমরা মনে করি। সারা দেশে যে পরিমাণ সমর্থন আমাদের আছে এতে করে রাজনৈতিক দল নিবন্ধন আইনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে খুব বেশি সময় লাগবে বলে আমার কাছে মনে হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান বলেন, নতুন দলের কাছে সবার আগে দেশের স্বার্থই প্রাধান্য পাবে বলে প্রত্যাশা। যারা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়েছেন এবং আমাদের রাজনীতিতে এখন এটা খুবই আলোচিত বিষয়। সেই রাজনৈতিক দলটি অন্ততপক্ষে জনমানুষের কল্যাণের জন্য রাজনীতিতে আসবে, এ ধরনের একটি প্রত্যয় তাদের লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে প্রতিফলিত হবে বলে আমরা চাই।’
আজ শুক্রবার বিকেল ৩টায় নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। তরুণদের দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’, শীর্ষ পাঁচ পদে নাম চূড়ান্ত। দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এ ছাড়া হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে মুখ্য সমন্বয়ক পদে চূড়ান্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।
বৈঠক সূত্র জানিয়েছে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকায় এসব পদে নেতৃত্ব এখনো চূড়ান্ত হয়নি। আজ বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে।
দেশ প্রতিবেদক 









