আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে এলেই দাবি করেন তারা রাজনীতি থেকে বহু আগেই ইস্তফা দিয়েছেন। অথচ জাতি দেখেছে তারা আন্দোলন দমনে কী পরিমাণ সক্রিয় ছিল। বুধবার রাজধানীর মোহাম্মদপুর থানার হত্যা মামলার শুনানিতে অংশ নিয়ে এসব কথা বলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
শুনানি শেষে সাংবাদিকদের তিনি বলেন, এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে ৩ দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত এ আদেশ দেন। এছাড়া এদিন যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ওমর ফারুক ফারুকী বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা আদালতে এলেই বলেন, তারা আওয়ামী লীগের রাজনীতি থেকে বহু আগেই ইস্তফা দিয়েছেন। অথচ দেশের জনগণ দেখেছে তারা কীভাবে আন্দোলন দমনে মাঠে ছিল।
এদিন শুনানির সময় আদালতে আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এজলাসে বেশি কথা বললে আমাদের মক্কেলদের রিমান্ড বেড়ে যায়।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আওয়ামী লীগ আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বেশি রিমান্ড দিতো। এখন ১০ দিন রিমান্ড চাইলে ২ দিন রিমান্ড দেয়। আমরা বলছি না, কেনো কোর্ট রিমান্ড কম দিচ্ছে। আদালত তার আইন মতো চলবে। তবে আসামি পক্ষের আইনজীবীদের এমন কথা জনগণের মাঝে বিভ্রান্ত তৈরি করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে আসামিদের কোর্টে তোলার আগে মারধর করা হতো, হাঁটতে পারতেন না।
এর আগে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীকে রিমান্ডের বিষয়ে কথা বলতে নিষেধ করেন দীপু মনি। আইনজীবী সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে তার আইনজীবী বলেন, আপা, আজকে সাত দিনের রিমান্ড চেয়েছে। প্রতিউত্তরে তিনি বলেন, যা রিমান্ড দেয় দিক। শুনানিতে কিছু বলবি না। কিছু বলার দরকার নেই। তখন তার আইনজীবী বলেন, আপা, শুধু রিমান্ড বাতিলের আবেদন দিয়েছি। কোনো শুনানি করব না।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতারাসহ ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালান। এতে ওবায়দুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলা করেন স্বজন মো. আলী।
ব্রেকিং নিউজ
বেশি কথা বললে আমাদের মক্কেলদের রিমান্ড বেড়ে যায়
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০২:৫৩:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- ৮০ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়










