ঈদের আগে শেষ মুহূর্তে সবচেয়ে বেশি মানুষের ভিড় দেখা গেছে গরু, খাসি ও মুরগির মাংস বিক্রির দোকানে।বাজারভেদে প্রতি কেজি গরুর মাংস ৬৮০ থেকে ৮৫০ টাকা বিক্রি করা হচ্ছে।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, গরুর মাংসের দোকানে ক্রেতাদের ভিড়। খাসি ও ছাগলের মাংসের চাহিদা কম হলেও ক্রেতার সংখ্যা আগের তুলনায় বেড়েছে। এ ছাড়া ব্রয়লার ও সোনালি মুরগির বেচাকেনাও অনেক বেড়েছে।
রোববার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, কৃষি মার্কেট, শেওড়াপাড়া, আগারগাঁও বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। তবে মোহাম্মদপুর টাউন হল বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮৫০ টাকা। অন্যান্য বাজারে ১০০-১২০ টাকা কমে গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে। এর মধ্যে শেওড়াপাড়ায় ৮০০ টাকা, কৃষি মার্কেটে ৭০০ টাকা, আগারগাঁওয়ের খোলাবাজারে ৬৮০ টাকা কেজি গরুর মাংস বিক্রি হতে দেখা গেছে।
ক্রেতারা বলছেন, গরুর মাংসের দাম অস্বাভাবিক বাড়িয়ে ৮৫০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে।
বিক্রেতারা জানান, গত দুই দিনের মধ্যে বাজারভেদে গরুর মাংসের দাম কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ১৫০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ছাগলের মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার ৫০ টাকা থেকে ১ হাজার ১০০ টাকা।
মোহাম্মদপুর কৃষি মার্কেটে খাসির মাংস ১ হাজার ১৫০ টাকা কেজি বিক্রি হয়েছে। আবার আগারগাঁও তালতালা ও টাউন হল বাজারে সেটি ১ হাজার ২০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
দেশ প্রতিবেদক 









