ছয় দফা দাবি মেনে নিতে অন্তর্র্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ডাকার ঘোষণা দিয়েছেন তারা।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মহাসমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন কারিগরি আন্দোলনের শিক্ষার্থীরা
মহাসমাবেশে শিক্ষার্থীরা জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে থাকা ক্রাফট ইনস্ট্রাক্টরদের প্রমোশন সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল, পদবি পরিবর্তন এবং সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করাসহ মোট ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন তারা। সরকার কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা আবারও মাঠে নামতে বাধ্য হয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, আমরা বারবার বলেছি-আমাদের দাবি যৌক্তিক। অথচ সরকার তা আমলে নিচ্ছে না। আট মাস ধরে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কোনো সাড়া পাওয়া যায়নি। সরকার আমাদের রাস্তায় নামতে বাধ্য করেছে।
তারা আরও জানান, শিক্ষার্থীরা যানজট বা জনদুর্ভোগ চায় না। কিন্তু দাবি পূরণ না হলে তারা কঠোর কর্মসূচি থেকে সরে আসবেন না। সমাবেশে কুমিল্লায় পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদও জানানো হয়।
শিক্ষার্থীরা হুঁশিয়ার করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা না এলে আমরা সারা দেশ থেকে ঢাকায় লং মার্চ করব।
শিক্ষার্থী প্রতিনিধি নিশান রহমান। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দাবি নিয়ে কোনো সমাধান না এলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেয়া হবে।’
কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, ‘আমাদের দাবি দাওয়া মেনে নিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। যদি এর মধ্যে দৃশ্যমান কর্মকাণ্ড না দেখানো হয় তাহলে কঠোর থেকে কঠোর কর্মসূচি, প্রয়োজনে লং মার্চ হবে।’
আন্দোলনের প্রতিনিধি মিজানুর রহমান বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের তরফ থেকে দাবি মেনে নেওয়ার কোনো ঘোষণা না আসলে সারা দেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন।
আন্দোলনের আরেক প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের এসি রুমের আলোচনা বয়কট করলাম। দাবি না মানলে আমরা কঠোর কর্মসূচি দিব। কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আমারা এসব ছেড়ে ক্লাসে ফিরে যাব। আমারা আর মৌখিক আশ্বাসে বিশ্বাস করছি না।’
এদিন ঢাকাসহ সারা দেশে মহাসমাবেশ করছেন সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সকাল থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার পর থেকে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়।
ব্রেকিং নিউজ
কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন : দাবি না মানলে ‘লং মার্চ’ টু ঢাকা
সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০৩:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- ৫৩ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
জনপ্রিয়










