সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন, বিচার বিভাগ ও দুদক সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে নতুন নতুন প্রস্তাবনা আসছে। প্রস্তাবগুলোকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ করেছে বিএনপি। এতে বেশির ভাগ সুপারিশে সমর্থন করেছে দলাটি। যে সব বিষয়ে দ্বিমত তার পক্ষে যুক্তি তুলে ধরেছে কমিশনের কাছে। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক আলোচনায় যে সব নতুন প্রস্তাব আসছে তা নিয়ে সংশ্লিষ্ট কমিশনগুলোর সঙ্গে আবার আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে মত দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি তৃতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে জানিয়েছেন, মোট ৩৫টি দলের কাছ থেকে তারা মতামত পেয়েছেন এবং বিএনপিসহ ১৫টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা এখন প্রায় শেষ পর্যায়ে। প্রথম পর্যায়ের বিষয়ে আলোচনায় বিএনপির সঙ্গে কমিশনগুলোর সুপারিশের কিছু বিষয়ে সামঞ্জস্য আছে আবার বেশ কিছু বিষয়ে মতভিন্নতাও আছে। বিএনপি বলেছে, মতভিন্নতার বিষয়ে ক্ষেত্রবিশেষে তারা নীতিনির্ধারকদের কাছে যাবেন ও আলোচনা করে আমাদের জানাবেন। একটি ঐতিহাসিক মুহূর্তে আমরা উপস্থিত। এসব সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা কোনো সিদ্ধান্ত কেবল এই টেবিল থেকে হতে পারবে না। সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রে তাদের নীতিনির্ধারকরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন।
গতকাল তৃতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আলোচনাটি দ্রুততার সঙ্গে যাচ্ছি না এই জন্য যে, এটা রাষ্ট্রের বিষয়, রিপাবলিকের বিষয়, সংবিধানের বিষয়Ñতাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সব সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে। বৃহত্তর ঐকমত্য সৃষ্টি করতে পারব। সেটা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে। সুতরাং, একটু সময় বেশি নিলেও একটু প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত আলোচনা করছি।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা প্রস্তাব করেছি প্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে না পারলেও একবার বিরতি দিয়ে আবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকতে হবে।
সালাহউদ্দিন আহমেদ জানান, বিএনপির এই প্রস্তাবের পর ঐকমত্য কমিশন থেকে প্রধানমন্ত্রীর পদে এক ব্যক্তির একাধিকবার থাকা নিয়ে বিএনপিকে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সেটা তারা এখনই প্রকাশ্যে আনতে চান না। আগে কমিশনের প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করবেন।
রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আরও কী কী ক্ষমতা বৃদ্ধি করা যায় সেটা উল্লেখ করে সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর আরেকটি অনুচ্ছেদ যুক্ত করার পক্ষে বিএনপি মত দিয়েছে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন। তিনি বলেন, যা পরবর্তী সময়ে সংসদে আলোচনার মাধ্যমে হবে। আর রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটেই নির্বাচিত হবেন, কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত।
একই ব্যক্তি সরকারপ্রধান, দলপ্রধান ও সংসদ নেতা হতে পারবেন নাÑ ঐকমত্য কমিশনের এই প্রস্তাবে বিএনপি একমত নয় বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি। কারণ একই ব্যক্তি সরকারপ্রধান ও দলীয়প্রধান হতে পারবেন না, এমন চর্চা আমরা দেখি না।
বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনী আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, সেখানে ধর্মনিরপেক্ষ কিংবা বহুত্ববাদ কোনোটাই নেই। তবে, কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছে। আমরা সেখানে একমত পোষণ করেছি।
জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির প্রস্তাবে বিএনপি একমত বলে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এটা তো এখনো আছে। এখন শুধু রাষ্ট্র ইন্টারনেট যেন বন্ধ করে না দেয় সেটা নিশ্চিত করতে হবে।
সালাহউদ্দিন বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের অধিকাংশ প্রস্তাবের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। এখন কিছু কিছু বিষয় আছে যেগুলো আরও বিচার বিশ্লেষণ করতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রদত্ত স্প্রেডশিটের বিষয়ে বিএনপি আলোচনা করেনি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, এটা আমাদের মধ্যে ধোঁয়াশা ও বিভিন্ন রকম বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যেটা ওনারা আলোচনা করতে আগ্রহী হননি, আমরা মোটেও আগ্রহী নই। আমরা বিস্তারিত রিপোর্টের ওপর দফাওয়ারি আলোচনা করছি। আমরা বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও নির্বাচন কমিশনের বিষয় নিয়ে আলাপ করে আলোচনা শেষ করতে পারব।
বিএনপি বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করে জানিয়ে দলটির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, সুপ্রিম কোর্ট কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ-সংক্রান্ত যে অধ্যাদেশ জারি করেছে, সেটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, সেই বিষয়টা। সুপ্রিম কোর্টের সচিবালয় প্রতিষ্ঠার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে, এটাসহ আমরা বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করি। সেটা বাস্তবায়নে আমাদের অঙ্গীকার আছে।
বিচার বিভাগ নিয়ে সুপ্রিম কোর্টের সব উদ্যোগ যাতে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ায় যায়, সেই আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগ কর্তৃক সংবিধানের যে কোনো কার্যক্রম আইনি হয় এবং অসাংবিধানিক না হয়, সেদিকে দৃষ্টি রাখতে হবে।
সংলাপে বিএনপির প্রতিনিধিদলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান আছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান।
ব্রেকিং নিউজ
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক
আলোচনায় আসছে নতুন প্রস্তাব
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০২:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
- ১০৬ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়










