ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজের সব আরোহী নিহত হয়েছেন। আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার লন্ডনের উদ্দেশে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি ২৪২ জন আরোহী নিয়ে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
বিমানটিতে দুজন পাইলট ও ১০ জন কেবিন ক্র চিলেনু। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, একজন কানাডীয় নাগরিক এবং সাতজন পর্তুগালের নাগরিক ছিলেন। সংবাদ সংস্থা এএফপি ও এপি জানায়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি একটি ‘মে ডে কল’ পাঠিয়েছিল, যা চরম বিপদের সংকেত। উড়োজাহাজটি আবাসিক এলাকায় চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়। এতে হোস্টেলে অবস্থানরত পাঁচ মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন স্নাতক পর্যায়ের ছাত্র এবং একজন পোস্ট গ্র্যাজুয়েট রেসিডেন্ট (পিজিটি)।
এএফপি জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ২৪২ আরোহীর বেশির ভাগই ছিলেন ভারত ও যুক্তরাজ্যের নাগরিক।
বিমান চলাচল বিষয়ক এক বিশেষজ্ঞ সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, বিমানটি উড্ডয়ন করার সঙ্গে সঙ্গে সম্ভবত এটিতে কয়েকটি পাখি আঘাত হেনেছিল। এতে করে পূর্ণ উড্ডয়নের জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন ছিল বিমানটি সেটি হারিয়ে ফেলেছিল। ফলে সর্বোচ্চ চেষ্টা করেও বিমানটি আর উপরের দিকে নিতে পারেননি পাইলট।
সাবেক ক্যাপ্টেন সৌরভ ভাটনাগর নামের এ বিশেষজ্ঞ বলেছেন, প্রথমত মনে হচ্ছে, একাধিক পাখির ধাক্কায় দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়। উড্ডয়নটি নিখুঁত ছিল। কিন্তু ল্যান্ডিং গিয়ারটি উপরে তোলার আগেই বিমানটি নিচে নামা শুরু করে। এমনটি সাধারণত হয় যখন ইঞ্জিন বিকল হয়ে যায় অথবা বিমান আকাশে থাকার সামর্থ হারিয়ে ফেলে। তদন্তে আসল কারণ বেরিয়ে আসবে। ভিডিওতে দেখা যাচ্ছে উড্ডয়নটি বেশ সুন্দরভাবে হয়েছিল। এছাড়া বিমানটিও নিয়ন্ত্রিতভাবে নিচে নেমে আসে। পাইলট মে ডে কল করেছিলেন। যার অর্থ ওই সময় জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।
এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি লিখেছেন, আহমেদাবাদের ট্র্যাজেডি আমাদের স্তব্ধ ও শোকাহত করেছে। এই হৃদয়বিদারক ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না। বেদনাময় এই সময়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমার সমবেদনা রইল। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় কাজ করা সব মন্ত্রী ও কর্তৃপক্ষগুলোর সঙ্গে আমি যোগাযোগ রাখছি।
ভারতে প্লেন বিধ্বস্তের ঘটনায় শোক জানানোর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান, বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন, আহমেদাবাদে ২৪২ যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান দুর্ঘটনার মর্মান্তিক খবরে আমি স্তম্ভিত। এ মর্মান্তিক ঘটনায় যারা প্রিয়জন হারিয়েছেন, তাদের সবার প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমাদের সব চিন্তা ও প্রার্থনা নিহতদের এবং তাদের প্রিয়জনদের সঙ্গে রয়েছে। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি এবং যে কোনো ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।
হৃদয়বিদারক এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় তিনি বলেন, হৃদয়বিদারক ঘটনা, বিভিন্ন দেশের ২৪২ জন যাত্রী নিয়ে লন্ডনগামী একটি উড়োজাহাজ ভারত থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে। আমি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আসুন, শোকের এই সময়ে আমরা সবাই তাদের পাশে দাঁড়াই এবং আন্তরিক প্রার্থনা করি।
দেশ ডেস্ক 









