ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে তারা বদ্ধপরিকর সাংবিধানিক এই সংস্থাটি। যদিও নির্বাচনের বিষয়ে কোনো ক্লিয়ারেন্স পায়নি কমিশন। রোববার ঈদ-পরবর্তী মতমিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা জানিয়ে সিইসি বলেন, কখন ভোট হবে সেটা সরকারের বিষয়। এ বিষয়ে কোনো ক্লিয়ারেন্স পায়নি নির্বাচন কমিশন (ইসি)। তাই সরকারের সঙ্গে আলোচনা করে ভোটের তারিখ নির্ধারণ করা হবে।
সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশনা দিয়ে তিনি বলেন, ভোটের মাঠে সাংবিধানিক এই সংস্থাটি থাকবে রেফারির ভূমিকায়; এ লক্ষ্যে নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি বদ্ধপরিকর।
নির্বাচন সংক্রান্ত কাজ এগিয়ে নিতে ইসির ভূমিকা নিয়ে সিইসি বলেন, অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি, যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে। মতবিনিময় সভায় আপনাদের হাজির করলাম- আমাদের শপথ হবে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া।
একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চান বলেও জানিয়েছেন সিইসি। কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, রমজানের সময়ও ওয়াদা করেছেন সুন্দরভাবে কাজ করবেন। আজকেও পুনর্ব্যক্ত করবো দয়া করে, আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায়সঙ্গভাবে কাজ করার।
নাসির উদ্দিন বলেন, আমরা রেফারির ভূমিকায়, আমরা রেফারির মতো কাজ করবো। যারা খেলবে খেলুক; যারা জিতবে জিতুক। কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্ল্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া। সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এর আগে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বললেও সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে মত দিয়েছেন।
গত শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর যৌথ ঘোষণায় নির্বাচন এগিয়ে আসার বিষয়ে জানানো হয়েছে।
দেশ প্রতিবেদক 
















