বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা ও ভাংচুর চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করে এনসিপি।
গতকাল কক্সবাজারের চকরিয়ায় জনতা টাওয়ারের সামনে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে সমাবেশের আয়োজন করে এনসিপি। সমাবেশে দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য রাখেন।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রিয় কক্সবাজারবাসী, আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে। মানুষের জায়গা-জমি দখল করছে। চাঁদাবাজি করছে।’
তিনি বলেন, ‘সংস্কার কোনো দলের পক্ষে-বিপক্ষে নয়, এটা রাষ্ট্রের পক্ষে।’
এই এনসিপির নেতা আরও বলেন, ‘আবার নাকি সে সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কারবিরোধী, যে পিআর বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দেবে ইনশাআল্লাহ।’
তার এই বক্তব্যকে ঘিরে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় বিএনপি। বিক্ষোভ করেন কক্সবাজার জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই বিক্ষোভের অংশ হিসেবে চকরিয়ায় এনসিপির সমাবেশস্থলে হামলা ও ভাংচুর চালায় তারা। এতে পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করে এনসিপি।
বিক্ষোভের বিষয়ে জানতে কথা বলি চকরিয়া উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক চৌধুরীর সাথে। তিনি জানান আমাদের কক্সবাজারের গর্ব, জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদ কে নিয়ে এনসিপি নেতা পাটোয়ারীর এমন জঘন্য কুরুচিপূর্ণ বক্তৃতার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে বিএনপি পরিবার। এনসিপি নেতা যতক্ষণ ক্ষমা চাইবে না আমাদের বিক্ষোভ চলবে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কক্সবাজারে সমাবেশে বক্তৃতার জেরে চকরিয়ায় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে নেমে বিক্ষোভ করলে পুলিশ সেনাবাহিনী এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে আছে।
দেশ প্রতিবেদক, কক্সবাজার 









