বাংলাদেশের আর্থিক খাতে ভবিষ্যতে যেন কোনো রাজনৈতিক বা আমলাতান্ত্রিক হস্তক্ষেপ না হয় বাংলাদেশ ব্যাংক সে উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘আমরা চাই বিগত সময়ের দুর্বৃত্তায়ন যেন এখানে আর না ফিরে আসে। আমরা ব্যাংক পুনর্গঠনে যে উদ্যোগগুলো নিয়েছি সেগুলোয় গুরুত্ব দেওয়া হচ্ছে।’
রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক এক সভায় তিনি এসব কথা বলেন।
গভর্নর বলেন, ‘গত একবছরে আর্থিক খাতে স্থিতিশীলতা এসেছে। রাজনৈতিক ও নিরাপত্তাসহ অনেক ক্ষেত্রে কিন্তু সে স্থিতিশীলতা আসেনি। এখন পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। এখন বাজারে ঘাটতি নেই, পণ্যের অভাব নেই। আমাদের মনে রাখতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা না এলে কেউ বিনিয়োগ করতে চাইবে না। বিনিয়োগ আসতে হলে সময় লাগবে।’
তিনি আরও বলেন, ‘বাজারে লিকুইডিটি আসছে। শেয়ারবাজার একাই ঘুরে দাঁড়াবে। আগামী এক বছরে আরও এক হাজার পয়েন্ট বাড়বে। ব্যালান্স অব উদ্বৃত্ত হয়েছে এ বছর।’
মূল্যস্ফীতির বিষয়ে তিনি বলেন, ‘মূল্যস্ফীতি বললেই কমিয়ে আনা সম্ভব নয়। কোনো মাসে কমবে কোনো মাসে বাড়বে সেটা স্বাভাবিক। বলতে পারি অনেক কমিয়ে আনতে পারছি আমরা। আমাদের প্রত্যাশা ৫ শতাংশে নিয়ে আসা।’
আগামীতে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ প্রতিষ্ঠা করা গেলে কোনো ব্যাংক তারুল্য সংকট পড়লে সেখানে বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করতে পারবে বলে মনে করেন গভর্নর। তিনি বলেন, ‘আগামীতে দেশের সরকারি-বেসরকারি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অন্তভুর্ক্ত করতে চাই। কেন্দ্রীয় ব্যাংকই সব ব্যাংক পরিচালনা করবে।’
ব্যাংকিং খাতের সংস্কার সম্পর্কে তিনি জানান, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ পরিবর্তন করে পরিচালকদের মেয়াদ ৬ বছরে সীমাবদ্ধ করা হবে এবং বোর্ডে অন্তত ৬ জন স্বতন্ত্র পরিচালক থাকবেন। মানিলন্ডারিং আইন ও ব্যাংক অর্ডার ১৯৭২-এ মৌলিক পরিবর্তন আনা হচ্ছে।
এসময় বাংলাদেশ ব্যাংকের নেয়া এজেন্ট ব্যাংকিং, স্কুল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, হাউজ লোন, কিউআর কোডের উন্নয়নসহ বিভিন্ন নতুন উদ্যোগের কথা জানান গর্ভনর।
অনুষ্ঠানে সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সংস্থাটির পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন।
ব্রেকিং নিউজ
আর্থিক খাতে হস্তক্ষেপ রোধে উদ্যোগ নেওয়া হচ্ছে
এখন বাজারে ঘাটতি নেই, পণ্যেরও অভাব নেই : গভর্নর
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০৩:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
- ১৪০ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়










