জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেছেন, শেখ হাসিনার বিচারের রায়ে আমি সন্তুষ্ট। তাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে।
সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার প্রথম রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, আজ গণ-অভ্যুত্থানে প্রাণ হারানো আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, আনাসসহ অন্যদের কথা আমার মনে পড়ছে । মনে হচ্ছে, এ রায়ের মাধ্যমে আজ তাদের বিদেহী আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোর কথাও মনে পড়ছে। এ রায়ের মাধ্যমে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এ রায়ে সন্তুষ্ট, তবে বিস্মিত নই।
আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে বিশ্বের যেকোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।
শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারত সরকারের কাছে আবার চিঠি দেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ভারত যদি এ গণহত্যাকারীকে (শেখ হাসিনা) আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা হচ্ছে তাদের বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা নিন্দনীয় আচরণ।
দেশ প্রতিবেদক 









