শীতের আগমন শুরু হলেও পুরোপুরি ঠাণ্ডা এখনও এসে পৌঁছায়নি। এই সময়টাকে বলা যায় হালকা শীতের মরসুম। সকালে কুয়াশা ও হালকা শীত থাকে, তবে দুপুরের রোদ আর মৃদু উষ্ণতা এখনও আছে। এই সময়ের পোশাক বেছে নেওয়া কিছুটা দ্বিধার। কারণ শীতের সঙ্গে আরামের ভারসাম্য রাখতে হবে, তেমনি স্টাইলও বজায় রাখতে হবে।
হালকা শীতের শার্ট ও টপস : এই সময়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শার্ট এবং হালকা টপস। তুলা বা লিনেনের তৈরি লং-স্লিভ শার্ট শরীরকে নরম উষ্ণতা দেয়, সঙ্গে হালকা বাতাস চলাচলও সম্ভব হয়। রংয়ের দিক থেকে হালকা নীল, ক্রিম, বা মিষ্টি ধূসর রং এই সময়ের জন্য উপযুক্ত।
ফ্যাশন বিশেষজ্ঞ লিপি খন্দকার বলেন, “সকালে বের হওয়ার সময় এই শার্টের সঙ্গে একটি হালকা সোয়েটার পরা যায়, যা দুপুরে রোদ উঠলে সহজেই খুলে ফেলা যায়”
হালকা সোয়েটার : অল্প শীতের পোশাকের মধ্যে এটি গুরুত্বপূর্ণ। তুলা বা সূতি মিশ্রিত সোয়েটার শরীরে আরামদায়ক উষ্ণতা দেয়, সঙ্গে স্টাইলও বজায় রাখে। হালকা রং যেমন- সাদা, পিচ বা হালকা বাদামি রংয়ের সোয়েটার অল্প শীতের সকালে আরামদায়ক মনে হয়। এছাড়া, এটি অফিস পরিবেশেও সহজে মানিয়ে যায়। অন্যদিকে কার্ডিগান পড়লে সেটা জ্যাকেটের মতোও ব্যবহার করা যায়- বলেন মন্তব্য করেন লিপি খন্দকার।
হালকা জ্যাকেট ও ট্রেঞ্চকোট : যদি সকাল খুব ঠাণ্ডা হয়, তবে হালকা জ্যাকেট বা ট্রেঞ্চকোট কার্যকর। নরম কাপড়ের জ্যাকেট শরীরকে উষ্ণতা দেয়, তবে অতিরিক্ত গরমও করে না। ট্রেঞ্চকোট, বিশেষ করে বেইজ বা ধূসর রংয়ের বাইরে বের হওয়ার জন্য যথার্থ। এই ধরনের জ্যাকেটকে দিনের মধ্যে রোদ উঠলে খুলে রাখা যায়।
হালকা প্যান্ট : হালকা শীতে তুলা বা লিনেনের প্যান্ট সকালে শরীরকে উষ্ণতা দেয়, সঙ্গে আরামদায়কও হয়। ‘স্লিম ফিট’ বা ‘ফিট প্যান্ট’ এখন জনপ্রিয় এবং শীতের শুরুর সঙ্গেও মানানসই। কালো, ধূসর বা হালকা বাদামী রংয়ের প্যান্ট অফিস, বা বাইরে ঘুরে আসার জন্যও ব্যবহার করা যায়।
স্কার্ট ও ড্রেস : স্কার্ট বা লং ড্রেস- ঘুরতে যাওয়া, আড্ডা বা ঘরোয়া অনুষ্ঠানে সহজেই মানিয়ে যাবে। মৃদু উষ্ণতা বজায় রাখার জন্য পাতলা উলের, লাইলনের স্কার্ট পরা যায়। তুলা বা লিনেনের মিশ্রিত ড্রেস শীতের দিনের উষ্ণতার সঙ্গে মানায়। হালকা রংয়ের ড্রেস দেখতেও স্নিগ্ধ লাগে।
হালকা শাল
শীতের হালকা সকালে ঘরের বাইরে বের হওয়ার সময় শাল খুব কাজের। এটি শুধু উষ্ণতা দেয় না, বরং শৈলীর একটি দিকও যোগ করে। তুলা বা হালকা উলের শাল শরীরের সঙ্গে আরামদায়কভাবে মিশে যায়। রংয়ের ক্ষেত্রে, হালকা বাদামি, ধূসর, নীল বা ক্রিম শাল যে কোনও পোশাকের সঙ্গে সহজেই মানায়।
শীতের অনুসঙ্গ : স্কার্ফ ব্যবহার খুব কার্যকর। সুতির বা তুলার স্কার্ফ ঘরের বাইরে বের হওয়ার সময় গলা ও কাঁধকে উষ্ণ রাখে। আবার অতিরিক্ত গরমও তৈরি করে না। এছাড়া রঙিন স্কার্ফ শীতের পোশাককেও আরও প্রাণবন্ত করে তোলে।
লাইফস্টাইল প্রতিবেদক 













