রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া পিছিয়েছে। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় এই সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
শুক্রবার সকালে বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
বিএনপি জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।
ওই ফেসবুক বার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, ‘ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশা আল্লাহ ৭ তারিখ (রোববার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরে লন্ডনে নেওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ভিত্তিতে তাঁকে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের নির্ধারিত হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।
চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় এসেছেন।
কিন্তু কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া পেছানো হয়েছে।
দেশ প্রতিবেদক 









