ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে মোবাইল ফোন ব্যবসায়ীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে তারা অবস্থান করেন। মোবাইল বিজনেস কমিউনিটির এ বিক্ষোভ কর্মসূচির কারণে বিটিআরসি ভবনসংলগ্ন আশপাশের সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট।
সরেজমিন দেখা যায়, বিক্ষোভরত ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে মূল সড়কের উভয় পাশে অবস্থান নিয়েছেন। এ সময় ওই সড়ক থেকে বিভিন্ন যানবাহন ঘুরিয়ে দিতে দেখা যায়। যানজট দেখা দেয় শ্যামলী, শিশু মেলাসহ আগারগাঁওয়ের আশপাশের সড়কগুলোতেও।
আগারগাঁওয়ের সড়কে যানজটে আটকে থাকা এক মোটরসাইকেল আরোহী বলেন, ‘বলা নেই কওয়া নেই, হুট করে রাস্তা বন্ধ। এভাবে ভোগান্তি করার মানে হয় না।’
বিটিআরসি ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে বৈধ পথে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানো ও প্রবাসীদের ফোন আনার ক্ষেত্রে বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার।
এনইআইআরের মাধ্যমে প্রতিটি মোবাইল ফোনকে নিবন্ধনের আওতায় আনা হবে। এর পর থেকে অবৈধভাবে নিয়ে আসা ফোন ব্যবহার করা যাবে না বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।
ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর বাস্তবায়িত হলে লাখ লাখ ব্যবসায়ী ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হবে। নতুন এই নিয়মের ফলে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের চাপে গ্রাহক পর্যায়ে মোবাইলের দাম বেড়ে যাবে।
দেশ প্রতিবেদক 









