জাতীয় পার্টির একাংশ (আনিসুল-হাওলাদার) ও জাতীয় পার্টি-জেপি’র নেতৃত্বে ১৮ দলীয় জোটের আত্মপ্রকাশ হয়েছে।
নতুন এই জোটের নাম দেয়া হয়েছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)। সোমবার রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে এই জোটের আত্মপ্রকাশ হয়। অনুষ্ঠানে দলগুলো শীর্ষ নেতাদের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ব্রুনাই ও ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জোটের উপদেষ্টা ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘গত ৫৪ বছরে দেশের অবকাঠামোতে অনেক পরিবর্তন হয়েছে। এটা দেখে অনেকেই আশ্চর্য হয়ে যান। পাকিস্তানের সঙ্গে আন্দোলন করে ভুল করেছি এটা বলা যাবে না। সব সরকার এসেছে, সব সরকার কথা বলতে বলেছে। এই সরকারও বলেছে। আমি মন খুলে কথা বলি নাই। অল্প একটু কথা বলেছি, আমার বিদেশ যাওয়া বন্ধ। যারা ক্ষমতায় আছেন, তারা অতীতে যারা ক্ষমতায় ছিলেন তাদের মতোই। আমি রাজনীতি করি ১৮ বছর বয়স থেকে।’
তিনি বলেন, ‘স্বাধীনতা মানেই অট্টালিকা, জিপিডি নয়। জিডিপি সাধারণ মানুষের কাছে পৌঁছায় না। আমাদের মৌলিক বিষয়গুলো নিশ্চিত করতে হবে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আপনাদের আল্লাহ সেবা করার সুযোগ দিয়েছেন। সেবা করেন। কিন্তু সকাল বেলা লেকচার, বিকাল বেলা লেকচার। বাক স্বাধীনতা নাই তা বলব না। কিন্তু একটু ব্যাকা-তাড়া হইলেই সমস্যা।’
জাপার একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘আমরা এমন কোনো ব্যবস্থা চাই না, যাতে একটি সরকার পরিবর্তন হলে পালিয়ে যেতে হয়। আগের সরকারের দলের প্রতি প্রতিশোধ নেয়া হোক, এটা আমরা চাই না। আমরা চাই নির্বাচন গ্রহণযোগ্য হবে, ক্ষমতা হস্তান্তর সুন্দর হবে। দলের প্রতি দলের সম্প্রতি চাই। জুলাই আন্দোলনের পর অতীত নিয়ে কথা চলছে। আমরা অতীত নিয়ে থাকতে চাই না। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। বিভেদ দূর করতে কমিশন দিয়ে কিছু হয় না। সংবিধানকে আমরা কাটাছেঁড়া করেছি। ৭১-এর পরে সুন্দর সংবিধান পেয়েছিলাম। প্রথম ভুল হলো বঙ্গবন্ধু বাকশাল চালু করলেন। এ কারণে একের পর এক ভুল হয়েছে। এই ভুলের মাশুল যেন আগামী প্রজন্মকে দিতে না হয়।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘আইনশৃঙ্খলা ঠিক নাই, বিনিয়োগ নাই, কর্মসংস্থান নাই। আপনারা ইচ্ছা করলেই পারবেন। আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনে আমাদের নিরাপত্তা কোথায়?’
দেশ প্রতিবেদক 









