গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বিদেশে ওসমান হাদির চিকিৎসার জন্য যত টাকা লাগবে, তা অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট (রাষ্ট্রীয় কোষাগার) থেকে দেওয়া হবে।
তিনি বলেন, ‘ওসমান হাদিকে বাইরে পাঠানোর জন্য কাল যখন মেসেজ এল, আমরা বলেছি, টাকাপয়সার কোনো ব্যাপার না। উই উইল গিভ অ্যালোকেশন (আমরা বরাদ্দ দেব)।’
ওসমান হাদির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘যখন বলা হয়েছে বাইরে পাঠানো হবে, বলেছি যে টাকা যা-ই লাগুক, আমরা প্রস্তুত। কিন্তু সৌভাগ্যক্রমে অর্থ মন্ত্রণালয় নিজস্ব বাজেট থেকে টাকা দিচ্ছে। পরে হয়তো আমরা হিসাব করে নেব। এ ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। মেডিকেল বোর্ড যখন বলেছে, তখন তাৎক্ষণিকভাবে সরকার অর্থের (অর্থ বিভাগ) মতামত চেয়েছে। আমরা বলে দিয়েছি, যেকোনো সময় আমরা প্রস্তুত।’
নির্বাচনি ব্যয় নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে। একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হওয়ায় এবার নির্বাচনি বাজেট বাড়বে। ইসি এখনও চাহিদাপত্র পাঠায়নি। চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হবে, এক্ষেত্রে রিজার্ভেশন থাকবে না।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন মোটামুটি আছে, সামনে আরও কঠোর হবে। এছাড়া সার্বিকভাবে ম্যাক্রো অর্থনীতি সন্তোষজনক। তবে মাইক্রো লেভেলে কিছু ক্ষেত্রে এখনও দুর্বলতা আছে। পৃথিবীর কোনও দেশেই সব সেক্টর ভালো চলে না, এটা সম্ভব না।
রোববার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও জানানো হয়, হাদির চিকিৎসা সংক্রান্ত সকল ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা করে এয়ার এম্বুলেন্সটি। গত শুক্রবার রাজধানীর বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রসীদের হামলার শিকার হন। এ সময় একটি মোটরসাইকেলে করে এসে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
দেশ প্রতিবেদক 









