ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে।
শনিবার বেলা দুইটায় জানাজা হওয়ার কথা থাকলেও সকাল থেকেই জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দলে দলে ঢুকছে মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফার্মগেট, আসাদ গেট হয়ে দলে দলে মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢুকছেন। কেউ হাতে, কেউ মাথায় জাতীয় পতাকা বেঁধে জানাজায় অংশ নিতে এসেছেন। ভেতরে ঢুকে দেখা গেল, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মাঠে লোকজন জড়ো হয়েছেন। ছোট ছোট দলে ভাগ হয়ে তাঁরা নানা স্লোগান দিচ্ছেন। ‘আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ইত্যাদি স্লোগান দিচ্ছেন তাঁরা।
ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রবেশপথগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। জানাজায় অংশ নিতে আসা মানুষকে কয়েক স্তরে তল্লাশি করে ভেতরে ঢোকাতে হচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও টহল দিচ্ছেন। বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, আনসার মোতায়েন করা হয়েছে ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকা ও আশপাশে প্রায় এক হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশনায় পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
দেশ প্রতিবেদক 









