আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কেন্দ্র করে নিরাপত্তা প্রস্তুতি, সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের মতবিনিময় হয়েছে।
সোমবার ঢাকায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার (Michael Miller) সৌজন্য সাক্ষাত করেন ।
উপস্থিত ছিলেন ইইউ ডেপুটি হেড অব ডেলিগেশন ও রাজনৈতিক, প্রেস ও তথ্য বিভাগের প্রধান মিসেস বাইবা জারিন।
মহাপরিচালক ভোট উপলক্ষ্যে বাহিনীর সার্বিক প্রস্তুতি অবহিত করেন।
প্রশিক্ষিত জনবল, বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত পরিকল্পনা ও মাঠপর্যায়ের প্রস্তুতি শুনে রাষ্ট্রদূত সন্তোষ প্রকাশ করেন।
নিবার্চনের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পায় বাহিনীর প্রান্তিক সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে গৃহীত “সঞ্জীবন প্রকল্প”।
বাহিনীপ্রধান রাষ্ট্রদূতকে জানান, আন্তর্জাতিক মানসম্পন্ন মানবসম্পদ গড়ে তুলতে বাহিনী ব্যাপক প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের ফলে সদস্যদের দেশে বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ছে ।
মহাপরিচালকের সঙ্গে বৈঠকে অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আনসার উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
দেশ প্রতিবেদক 


















