দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার বেলা পৌঁনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।
বিমানবন্দরে পৌঁছালে বিএনপির সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় তাকে ফুলের মালা পরিয়ে দেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। এরপর বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি বিমানবন্দরের বাইরে ফুল বাগানে গিয়ে জুতা খুলে দেশের মাটির স্পর্শ নেন। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
এর আগে বিমানবন্দরের লবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন তারেক রহমান। আলাপকালে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান তারেক রহমান। এ সময় প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

তারেক রহমান বলেন, নিরাপত্তার বিষয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ করে তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে। এসব ব্যবস্থার জন্য তিনি নিজের ও পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।
দেশে ফেরার সময় তারেক রহমানের সঙ্গে আছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। সঙ্গে দেশে এসেছে তার পোষা বিড়াল জেবু। জেবুকে একটি বিশেষ খাঁচায় করে আনা হয়। পরে বিমান থেকে নামিয়ে তারেক রহমানের পরিবারের সদস্যদের কাছে দেওয়া হয়।
তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাড়িতে গিয়েছেন। তারেক রহমান বিমানবন্দর থেকে পূর্বাচল ৩০০ ফুটে গণসংবর্ধনাস্থলে যান। তাঁর জন্য আগে থেকেই লাল, সবুজ রঙে একটি বাস সাজিয়ে রাখা হয়েছিল। দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হন তিনি।
সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের বহর তারেক রহমানকে বহনকারী বাসটির নিরাপত্তা দেন। পেছনে ধীরে ধীরে লাল সবুজ গাড়িটি । আর গাড়ির সামনের আসনে বসে রাস্তা দুই পাশে থাকা নেতা কর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান।
দুপুর ১২টা ৫৭ মিনিটে জুবাইদা রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে ঢোকেন। এ সময় জাইমা হাত নেড়ে উপস্থিত মানুষদের শুভেচ্ছা জানান। এ সময় বিএনপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে রাস্তার দুপাশে দাঁড়িয়েছেন। তাঁরা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা-স্বাগতম’, ‘দেশনেতার আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান দেন।
দেশ প্রতিবেদক 









