বিএনপি ক্ষমতায় গেলে তৃণমূলে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিতে কাজ করবে। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে। অ্যালবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা রঙের কারণে অধিকার বঞ্চিত যশোরের শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সোমবার বিকেলে ভার্চ্যুয়ালি তিনি এ অনুষ্ঠানে অংশ নেন।
তারেক রহমান বলেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না।
তিনি বলেন, আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে। ফ্যামিলি, কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ মানুষকে শক্তিশালী করা হবে। আগামীতে ফের খাল কাটা কর্মসূচি চালু হবে, পানির কষ্ট দূর করা হবে।
বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করবে বিএনপি।পাশাপাশি অবহেলিত মসজিদের ইমাম খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশ প্রতিবেদক 









