আসন্ন বাংলাদেশের জাতীয় নির্বাচনে যুক্তরাষ্ট্র কারও পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।’
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের, এবং শুধু বাংলাদেশের জনগণেরই। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবে, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।’
তিনি বলেন, আমি যখন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি, তিনি তখন আমাকে বলেন— নির্বাচনের দিনটি একটি উৎসবমুখর দিন হবে। আমি আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং আপনারা একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন করবেন।
তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, সেগুলো নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আপনাদের সবার মতো আমিও ফেব্রুয়ারির ১২ তারিখের ফলাফলের অপেক্ষায় আছি।
এর আগে দুপুর ১২টার দিকে সিইসির দপ্তরে বৈঠক শুরু হয়। এতে ইসি’র জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও অংশ নেন।
দেশ প্রতিবেদক 









