হলিউডের সবচেয়ে সম্মানজনক পুরস্কারের আসর অস্কারে এবার দাপট দেখিয়েছে One Battle After Another। রোববার অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ছবিটি সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি পুরস্কার জিতে নেয়। সাম্প্রতিক সময়ের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসরে চূড়ান্ত লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী Sinners-কে হারিয়ে শীর্ষ সম্মান ঘরে তোলে সিনেমাটি।
ছবিটির পরিচালক Paul Thomas Anderson ব্যক্তিগতভাবে তিনটি অস্কার জিতেছেন—যা তার ক্যারিয়ারের প্রথম। অভিবাসন অভিযান ও শ্বেতাঙ্গ আধিপত্যের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে নির্মিত রাজনৈতিক থ্রিলারটির জন্য তিনি সেরা পরিচালক ও সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার পান।
সেরা পরিচালকের পুরস্কার গ্রহণ করতে গিয়ে হাস্যরস করে তিনি বলেন, “একটা পুরস্কার পেতে আমাকে বেশ কঠোর পরিশ্রম করতে হয়েছে।”
চিত্রনাট্যের পুরস্কার নেওয়ার সময় তিনি বলেন, “এই পৃথিবীটা যেভাবে রেখে যাচ্ছি, তার জন্য সন্তানদের কাছে ক্ষমা চাইতেই এই সিনেমা লিখেছি। তবে একই সঙ্গে আশা রাখি, তারাই একদিন এই পৃথিবীতে সুস্থ বোধ ও মানবিকতা ফিরিয়ে আনবে।”
ছবিতে এক মাদকাসক্ত সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন Leonardo DiCaprio। তিনি ভয়ংকর কর্নেল লকজ’র বিরুদ্ধে বুদ্ধির লড়াইয়ে জড়িয়ে পড়েন। কর্নেল চরিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন Sean Penn।
এ ছাড়া ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সেরা সম্পাদনা এবং নতুন চালু হওয়া কাস্টিং বিভাগেও পুরস্কার জিতেছে।
সমকালীন মার্কিন সিনেমার অন্যতম প্রভাবশালী নির্মাতা পল থমাস অ্যান্ডারসন এর আগে There Will Be Blood ও Boogie Nights-সহ বিভিন্ন ছবির জন্য ১১ বার অস্কারে মনোনয়ন পেলেও কখনো পুরস্কার পাননি। এবারই প্রথম সেই খরা কাটালেন তিনি।
‘সিনার্স’-এর ঝুলিতে চার পুরস্কার: Ryan Coogler পরিচালিত Sinners আসরের আগে থেকেই আলোচনার কেন্দ্রে ছিল। ব্লুজধর্মী ভ্যাম্পায়ার কাহিনিনির্ভর এই সিনেমাটি যুক্তরাষ্ট্রের বর্ণবাদী ইতিহাসকে ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছে। ১৬টি মনোনয়ন নিয়ে আসরে অংশ নিয়ে শেষ পর্যন্ত চারটি পুরস্কার জিতে নেয় ছবিটি।
সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন কুগলার নিজেই। আর গ্যাংস্টার যমজ ভাই ‘স্মোক’ ও ‘স্ট্যাক’-এর চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন Michael B. Jordan।
পুরস্কার গ্রহণের সময় তিনি কুগলারকে উদ্দেশ করে বলেন, “আপনি অসাধারণ একজন মানুষ। আপনার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য গর্বের।”
এ ছাড়া সেরা সংগীতের জন্য পুরস্কার পান Ludwig Goransson এবং সেরা চিত্রগ্রহণের জন্য Autumn Durald Arkapaw। এই বিভাগে প্রথমবার কোনো নারী পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জিত হয়।
কুগলার তার পুরস্কারকে “অবিশ্বাস্য সম্মান” হিসেবে উল্লেখ করে পরিবার ও সহকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আমি খুব নার্ভাস, আর আমাকে হয়তো থামিয়ে দেওয়া হবে। আমি ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে বড় হয়েছি—অনেক কথা বলতে পারি।”
উল্লেখ্য, কুগলার বিজয়ী হলে তিনিই হতেন প্রথম কৃষ্ণাঙ্গ পরিচালক, যিনি সেরা পরিচালকের অস্কার জিতেছেন। তিনি এর আগে Black Panther নির্মাণের জন্য ব্যাপক পরিচিতি পান।
অন্যান্য বিভাগে বিজয়ীরা: সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন Jessie Buckley, Hamnet ছবিতে উইলিয়াম শেকসপিয়ারের শোকাহত স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য। পুরস্কার গ্রহণের সময় তিনি ব্যক্তিগত মন্তব্য করে উপস্থিতদের চমকে দেন।
সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পান Amy Madigan, Weapons ছবিতে ভৌতিক ডাইনির চরিত্রে অভিনয়ের জন্য। তিনি মজার ছলে বলেন, “গত রাতে গোসল করতে গিয়ে মনে হয়েছিল, আজ হয়তো বিশেষ একটা দিন।”
সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে নরওয়ের পারিবারিক নাটক Sentimental Value।
অন্যদিকে KPop Demon Hunters জিতেছে সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র এবং ‘গোল্ডেন’ গানের জন্য সেরা মৌলিক গানের পুরস্কার।
এবারের আসর সঞ্চালনা করেন Conan O’Brien। তার স্বকীয় ব্যঙ্গ-রসিকতায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এক পর্যায়ে তিনি রাজনীতি নিয়েও রসিকতা করেন, যা দর্শকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।
অনুষ্ঠানের ‘ইন মেমোরিয়াম’ পর্ব ছিল আবেগঘন। এতে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত নির্মাতা Rob Reiner এবং কিংবদন্তি অভিনেতা Robert Redford-কে।
রেইনারকে স্মরণ করে বক্তব্য দেন Billy Crystal। তিনি বলেন, “রবের সিনেমা চিরকাল বেঁচে থাকবে, কারণ সেগুলো আমাদের হাসায়, কাঁদায় এবং আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে।”
অন্যদিকে Barbra Streisand স্মরণ করেন তার সহশিল্পী রেডফোর্ডকে। ১৯৭৩ সালের ক্লাসিক The Way We Were-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।
স্ট্রেইস্যান্ড বলেন, “তিনি ছিলেন অসাধারণ ও সূক্ষ্ম অভিনয়ের এক অনন্য উদাহরণ। পর্দার ভেতর-বাইরে তার দৃঢ়তা ছিল অনুকরণীয়। তাকে এখন আগের চেয়ে বেশি মিস করি।”
দেশ ডেস্ক 
















