দেশজুড়ে আজ থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও সমমানের পরীক্ষা। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো নিয়েছে কঠোর নিরাপত্তা ও নজরদারিমূলক ব্যবস্থা।
পরীক্ষার প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র, মাদরাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ পরীক্ষাকক্ষে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকেই কেন্দ্রের ভেতরে প্রবেশের সুযোগ থাকবে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন ছাত্র এবং ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন ছাত্রী। দেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রগুলোতে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক দায়িত্ব পালন করবেন এবং কোনো পরীক্ষাকক্ষে দুইজনের কম পরিদর্শক রাখা যাবে না। বসার ক্ষেত্রেও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করতে হবে, যাতে পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারেন।
এবার প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। ক্যামেরার আইডি, পাসওয়ার্ড, ডিভাইসের তথ্য এবং ডিভিআর/এনভিআর সংযোগসংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রশ্নপত্রের নিরাপত্তা, কেন্দ্র ব্যবস্থাপনা, পরীক্ষার্থী প্রবেশ এবং সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা, কেন্দ্র সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডের প্রত্যাশা, কঠোর তদারকি এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এবারও শান্তিপূর্ণ, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পন্ন হবে।
দেশ প্রতিবেদক 















