ভারতের আসাম রাজ্যের জোরহাটে ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ বিমানসেনা নিহত হয়েছেন। শনিবার সকালে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নের সময় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিমান বাহিনীতে।
আইএএফ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টার দিকে জোরহাট বিমান বাহিনী স্টেশনে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দ্রুত উদ্ধার ও অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্ঘটনায় নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, নিহতদের পরিবারের পাশে বাহিনী সর্বাত্মকভাবে রয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, জোরহাটে বিমান বাহিনীর বিমান দুর্ঘটনার বিষয়ে রাজ্য সরকার অবগত রয়েছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
কী এই এএন-৩২ বিমান? : অ্যান্টোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য পরিবহন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাবেক সোভিয়েত ইউনিয়নে ভারতের প্রয়োজন অনুযায়ী তৈরি করা এই বিমানকে বাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা কর্মঠ বাহন হিসেবে বিবেচনা করা হয়।
বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে প্রায় ১০০টি এএন-৩২ রয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চল, প্রতিকূল আবহাওয়া এবং উচ্চভূমিতে রসদ ও সেনা পরিবহনে এ বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একসঙ্গে প্রায় ৭ দশমিক ৫ টন মালামাল, ৫০ জন যাত্রী অথবা ৪২ জন প্যারাট্রুপার বহনে সক্ষম।
কয়েক মাসের ব্যবধানে আরেক দুর্ঘটনা : জোরহাটে এএন-৩২ বিধ্বস্ত হওয়ার ঘটনা নতুন নয়। চলতি বছরের মার্চে আসামের কার্বি আংলং জেলায় ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় দুই পাইলট নিহত হন।
সামরিক উড্ডয়ন নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দেওয়া সর্বশেষ এই দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
দেশ ডেস্ক 



















