জুলাই সনদের খসড়ায় সই করতে বিএনপি প্রস্তুত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জুলাই সনদের খসড়া যেকোনো মুহূর্তে আমরা সই করতে রাজি। এ বিষয়ে কোনো দ্বিমত নেই। সে অঙ্গীকারনামা তো আমরা দিয়েছি। এটা নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’ সোমবার গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদ হাতে পাওয়ার পরে ৩০ তারিখেই কিছু সংশোধনসহ জবাব দিয়েছে বিএনপি। সনদ বাস্তবায়নে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করেছে।
জুলাই ঘোষণাপত্রের ঐতিহাসিক ও রাজনৈতিক মূল্য আছে জানিয়ে তিনি বলেন, ঘোষণাপত্রের যে প্রস্তাব দেওয়া হয়েছিল তা ফেব্রুয়ারিতেই জবাব দিয়েছে বিএনপি।
বিএনপিকে জুলাই ঘোষণাপত্র সংবলিত যে খসড়া দেওয়া হয়েছে তাতে ১৯৭১ সালের ২৬শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করা হয়নি বলে জানান তিনি। তিনি বলেন, সেখানে তারা ১৯৭১ সালের ২৬শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি। পরে সেটা আমরা আবার ৯ জুলাই প্রেরণ করেছি। ২৭শে জুলাই আবার আরেকটা ড্রাফট পাঠায়। সেখানেও দেখলাম তারা ১৯৭১ সালের ২৬ শে মার্চের কথা উল্লেখ করতে চাননি। আমরা বলেছি, এই জাতির শুরুই হলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তাকে যথাযথভাবে উপস্থাপন করতে হবে। এ ছাড়াও রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি চতুর্থ তফসিলের মাধ্যমে দেওয়া হবে।
জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে বিএনপি যে সংশোধনী দিয়েছে তা মেনে না নেওয়া হলে ঘোষণাপত্র পাঠের পর দলের পক্ষ থেকে পরবর্তী প্রতিক্রিয়া জানানো হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সেকেন্ড রিপাবলিক করতে চায় এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা একটা রিপাবলিকের মধ্যে আছি। ১৯৭১ সালের যুদ্ধের মাধ্যমে আমরা এই রিপাবলিকটা পেয়েছি। আরেকটা রিপাবলিক বলতে তারা কী বোঝাতে চায়?’
ব্রেকিং নিউজ
জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি : সালাহউদ্দিন
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ১১:৩৭:১১ পূর্বাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- ১৭৮ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়


















