জুলাই-আগস্টের আন্দোলন দমনে নির্বিচার অস্ত্র ব্যবহার করে ভাবমূর্তির সংকটে থাকা পুলিশ বাহিনীকে আর কোনো মারণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে র্যাবকে পুনর্গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের হাতে যেন আর কোনো মারণাস্ত্র না থাকে, এগুলো তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মারণাস্ত্র আর অস্ত্র পুলিশের হাতে থাকবে না। অস্ত্র থাকবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের হাতে। তাদের কাজ অন্য পুলিশের থেকে একটু ভিন্ন। তবে পুলিশের কাছে রাইফেল থাকবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে কিছুটা সময়ের প্রয়োজন বলেও জানান তিনি।
র্যাব পুনর্গঠনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, র্যাব পুনর্গঠন কীভাবে হবে, এই নাম থাকবে কি না, এই ড্রেস থাকবে কি না, এই ফোর্স থাকবে কি না, কীভাবে অর্গানাইজ হবে- এজন্য আমরা ৫ সদস্যের কমিটি গঠন করে দিয়েছি।
তিনি বলেন, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে অতিরিক্ত ব্যবস্থা। বিশেষ করে পশুবাহী ট্রাক ও হাট সংশ্লিষ্ট নিরাপত্তা নিশ্চিতে গরুর হাট ইজারাদারদের নিজ খরচে ১০০ আনসার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। যাত্রীরা যেন নির্বিঘ্নে যেতে পারেন, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। রাস্তায় যেন চাঁদাবাজি না হয়। এছাড়া চাঁদাবাজি ও ছিনতাই রোধে মাঠে থাকবে যৌথ বাহিনী এবং বাড়ানো হবে পুলিশের নজরদারি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা ঈদের আগে পরিশোধ করতে হবে। তবে তাদের অবৈধ দাবি বরদাশত করা হবে না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেণ, ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে শ্রমিক অসন্তোষ বা বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার অধিকাংশ মানুষই বাংলাদেশি বলে জানান তিনি।
সভায় বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গত কয়েকদিনে বিএসএফ ২০২ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে। এদের মধ্যে পাঁচজন ভারতীয়। বিষয়গুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এখনো বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
দেশ প্রতিবেদক 
















