গণ–অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে আওয়ামী লীগ। গোপালগঞ্জে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার রাত সাড়ে নয়টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা গোপালগঞ্জের মানুষের সমস্যার কথা শুনতে গিয়েছিলাম। সে বিষয়ে জাতীয় নাগরিক পার্টির ভাবনা কী, তা জানাতে গিয়েছিলাম। সমাবেশ সফল হয়েছে। সেখান থেকে আমরা মাদারীপুরের দিকে যাওয়ার সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের গাড়িবহরে ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়।’
তিনি বলেন, ‘যতই বাধা, হামলা, হত্যাচেষ্টা হোক, দেশ গড়তে জুলাই পদযাত্রা থামবে না। বৃহস্পতিবার ফরিদপুরে পূর্বনির্ধারিত সময়েই পথসভা অনুষ্ঠিত হবে। এরপর রাজবাড়ী, মানিকগঞ্জসহ পরবর্তী জেলাগুলোতে নির্ধারিত সময়েই পদযাত্রা যাবে।’
আওয়ামী লীগের উদ্দেশে এনসিপির আহ্বায়ক বলেন, এরা যে জঙ্গিতে রূপান্তরিত হয়েছে, তা দেশবাসীর কাছে আজ স্পষ্ট হয়েছে। ৫ আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্র হয়ে উঠেছে। নিষিদ্ধঘোষিত সংগঠনসহ যাদের নামে মামলা হয়েছে, তারা সকলে গোপালগঞ্জে ছিলেন।
দেশ প্রতিবেদক, খুলনা 

















