রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে ২০ জন নিহত হয়েছে।
আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৭১ জন।
এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালগুলোতে চলছে শোকের মাতম। অভিভাবক ও আত্মীয়স্বজন ছোটাছুটি করছেন । খুঁজে ফিরছেন বুকের ধনকে। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাপরিষদ শোক জানিয়েছে। ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। ঘটনার পরেই হাসপাতালগুলোতে ছুটে যান উপদেষ্টারা। দিয়েছেন আহতদের উত্তম চিকিৎসার প্রতিশ্রুতি।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলটসহ ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭১জন। বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কিছু সময় পরেই দুর্ঘটনায় পড়ে বিমানটি। ফায়ার সার্ভিস জানিয়েছে, বিমানটি ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের ১২ মিনিট পরই বিমানটি বিধ্বস্ত হয়।
বিকাল পৌনে ৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনের সময় ফায়ার সার্ভিস মহাপরিচালক বলেন, আমাদের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ১৯ জনের ডেড বডি উদ্ধার করেছি। তারা বিভিন্ন হাসপাতালে আছে। এখানে সেনাবাহিনী এবং আমাদের ফায়ার সার্ভিস, পুলিশসহ অন্যান্য সবাই আমাদের সহযোগিতা করেছে, আমাদের উদ্ধারকাজ চলমান আছে। উদ্ধারকাজ শেষ হলে আমরা টোটাল ক্ষয়ক্ষতির ফিগারটা বলতে পারব। যারা নিহত, এখনো তাদের পরিচয় আমরা জানতে পারিনি, সময় লাগবে। আমাদের ধারণা, অধিকাংশই শিশু।
প্রধান উপদেষ্টার শোক : বিমান বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শোক বার্তায় ড. ইউনূস বলেন, রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এ দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শি¶ার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার। প্রধান উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে বার্তায় উল্লেখ করা হয়।
রাষ্ট্রীয় শোক : মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং দেশের এই শোকাবহ মুহূর্তে সংহতি প্রকাশে মঙ্গলবার শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এদিন দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আহত-নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলেও উল্লেখ করা হয়।
উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।
নারী ও শিশুসহ ৫০ জন বার্নে চিকিৎসাধীন, চালু হটলাইন : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্তে হতাহতের ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নম্বর ০১৯৪৯০৪৩৬৯৭। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নারী ও শিশুসহ ৫০ জনের বেশি দগ্ধ হয়েছেন। এদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী। অন্যদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন জরুরি বিভাগে এসেছে। তাদের মধ্যে বেশির ভাগই শি¶ার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। বেলা আড়াইটার পর থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা শুরু হয়।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই আগুন ধরে যায় : এদিকে হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সবুজ মিয়া বলেন, স্কুলের দোতলা ভবনের প্রবেশ মুখে বিমানটি বিধ্বস্ত হয়। তখন স্কুল ছুটি হয়ে গেছে। কিছু শিক্ষার্থী বের হয়ে গেছে, অনেকে ভিতরেই ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই স্কুলের ভবনটিতে আগুন ধরে যায়। ভবনটির নাম হায়দার হল বলে জানা গেছে।
বার্ন ইনস্টিটিউটের সামনে স্বজন ও উৎসুক জনতার ভিড় : জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দগ্ধদের স্বজন ও উৎসুক জনতার ভিড়। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে দগ্ধদের স্বজন ও উৎসুক জনতার ভিড় সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। হাসপাতালের সামনে ভিড় করেছেন দগ্ধদের স্বজনরা।
দগ্ধদের দেখতে হাসপাতালে ছুটে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র্যাব, আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে দায়িত্ব পালন করছেন।
বার্ন ইউনিটে ছয় উপদেষ্টা : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বার্ন ইউনিটে ছুটে গেছেন ছয় উপদেষ্টা। তাদের মধ্যে রয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মাহফুজ আলম, রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, সিএমএইচে ১১ জনকে মৃত অবস্থায় নেওয়া হয়েছে। এছাড়া কুর্মিটোলায় ২ জন, বার্ন ইনস্টিটিউটে ১ জন মারা গেছেন।
তিনি আরও বলেন, এছাড়া ৭০ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। মোট ১০০ থেকে ১৫০ জন অগ্নিদগ্ধ হয়েছেন।
আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কীভাবে ঘটলো, সরকার সেটি খতিয়ে দেখবে।
আইএসপিআরের হিসাব মতে, নিহতদের মধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুজন, কুর্মিটোলা জেনারেল হসপিটালে দুজন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে দুজন, উত্তরা আধুনিক হসপিটালে একজনের লাশ রয়েছে। আর আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৭০ জন, উত্তরা আধুনিক হসপিটালে ৬০ জন, সিএমএইচে ১৪ জন, লুবনা জেনারেল হাসপাতালে ১১ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন এবং উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছেন।
আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
দেশ প্রতিবেদক 
















