চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারাই আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। এ ছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করেছে কমিশন।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা বলেন।
এদিন নির্বাচন কমিশনের নবম কমিশন সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এতে সভাপতিত্ব করেন। সভায় এতে চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইসি সানাউল্লাহ বলেন, আমাদের আলোচনায় তিনটি বিষয় ছিল। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) ও বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটদান এবং দেশের ভিতরেও পোস্টাল ব্যালটে ভোটদানের প্রক্রিয়া। এর ভিতরে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে চূড়ান্ত করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন অধ্যাদেশ ২০২৫) অনেক দূর এগিয়েছে। সভা মুলতবি হওয়ায় আরপিও নিয়ে আগামী সপ্তাহে বসে চূড়ান্ত করা হবে।’
ইসি সানাউল্লাহ বলেন, আগামী মাস থেকে শুরু হবে প্রবাসীদের ভোটার অ্যাডুকেশনের কাজ। প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ, কোনো প্রার্থীর প্রার্থিতা হারালে সেখানে সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দেবে কমিশন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা।
তিনি আরও বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তারাই আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।
তিনি বলেন, প্রতীক দেওয়া থাকবে, তবে প্রার্থী নাম নয়। প্রতীক ব্যালট যাবে প্রবাসীদের কাছে। সময় কমাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ভোটের অন্তত তিন সপ্তাহ আগে সংশ্লিষ্ট প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানো হবে। বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আর এতে কমিশন ও পোস্ট অফিস যৌথভাবে কাজ করবে।
এই নির্বাচন কমিশনার বলেন, এবার তিনভাবে পোস্টাল ব্যালটে ভোট হবে। যারা প্রবাসে থাকেন, কারাগারে থাকেন ও ভোটের দায়িত্বে থাকেন; তাদের জন্য এই ব্যবস্থা থাকবে। এজন্য আগেই নিবন্ধন করতে হবে। তিন সপ্তাহ সময় দেওয়া হবে ভোট দিতে রেজিস্ট্রেশনের জন্য। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে সেপ্টেম্বর থেকে প্রচার ও ভোটার-শিক্ষণের কাজ চলবে।
নির্বাচনে ড্রোন ব্যবহারের বিষয়ে প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনে কেউই, এমনকি গণমাধ্যমও ড্রোন ব্যবহার করতে পারবে না। কমিশনের পক্ষ থেকেও এর প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে না। তবে সিসিটিভির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে কমিশন এটি ব্যবহারে আগ্রহী।’
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ভুল তথ্য, মিথ্যা তথ্য এবং বিদ্বেষ ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এআইয়ের অপব্যবহার রোধ করতে আচরণবিধিতে নির্দিষ্ট বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি শুধু প্রার্থী ও দলের জন্য প্রযোজ্য হলেও, অন্যান্য পক্ষকেও মোকাবিলা করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা (২০২৬ সালের) ফেব্রুয়ারির প্রথমার্থে রোজার আগে নির্বাচন আয়োজনের জন্য চিঠি দিয়েছেন। সেটাই মিটিংয়ে উপস্থাপন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এরই মধ্যে বলেছেন, ভোটের তারিখের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে। এই হিসেবে আপনারা ধরেই নিতে পারেন ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।
গত বুধবার নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আগামী ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি শেষ করতে এই চিঠি দেওয়া হয়। এ চিঠির মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে ইসিকে অনুরোধের আনুষ্ঠানিকতা শেষ হলো।
ইসির সিনিয়র সচিব বরাবর পাঠানো ওই চিঠিতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
এর আগে ছাত্র-জনতানর অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন জাতীর উদ্দেশে দেওয়া ভাষনে আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেছেন, আগামী বছরের (২০২৬ সাল) ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্র্বতী সরকার। এ জন্য অন্তর্র্বতী সরকারের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠানো হবে, যেন কমিশন আগামী রমজান মাস শুরুর আগে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে।
তিনি আরও বলেন, এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায়, সে জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করা হবে। নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে জন্য সব আয়োজন সম্পন্ন করতে তাঁরা সবার মানসিক প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরু করবেন।
এরপরই চলতি বছরের ডিসেম্বর মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানায় ইসি।
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় নির্বাচন
ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল
-
দেশ প্রতিবেদক - প্রকাশ : ০৩:৩২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- ১০৮ বার নিউজটি পড়া হয়েছে
Tag :
ত্রয়োদশ জাতীয় নির্বাচন
জনপ্রিয়

















