পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রভাব এসে পড়েছে বিমান চলাচলে। আকাশপথে অস্থিরতার কারণে দুবাইয়ে আটকে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। দেশে ফিরতে না পেরে তিনি ভারতের সরকারের কাছে সহায়তা চেয়েছেন।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানে ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হয় এবং দুবাইসহ একাধিক শহরে বহু ফ্লাইট বাতিল করা হয়। এমন অবস্থায় দুবাইয়ে অবস্থানরত সোনাল চৌহান ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরেন।
পোস্টে তিনি জানান, চলমান সংকটের কারণে দুবাইয়ে আটকে আছেন এবং ভারতে ফেরার কোনো স্পষ্ট উপায় খুঁজে পাচ্ছেন না। নিরাপদে দেশে ফিরতে সরকারের দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে দুবাইয়ে ভারতীয় দূতাবাসের প্রতিও দ্রুত সহায়তার আহ্বান জানান।
ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, মধ্যপ্রাচ্য থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তিনি বিপাকে পড়েছেন। নিরাপদ ও সময়মতো দেশে ফেরার আশা ক্ষীণ হয়ে আসছে বলেও উল্লেখ করেন। ‘আমাকে সাহায্য করুন, দয়া করে বাঁচান’— এমন আবেদন জানিয়ে তিনি পরিস্থিতির গুরুত্ব তুলে ধরেন। তাঁর এই বার্তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
শুধু সোনাল চৌহানই নন, একই পরিস্থিতিতে আরও কয়েকজন ভারতীয় তারকাও উপসাগরীয় অঞ্চলে আটকে পড়েছেন বলে খবর পাওয়া গেছে। ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং দক্ষিণি চলচ্চিত্র তারকা অজিত দুবাইয়ে অবস্থান করছেন। এছাড়া দোহায় থাকা ভারতীয় বাস্কেটবল দলও ফ্লাইট স্থগিতের কারণে যাত্রা অব্যাহত রাখতে পারছে না।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, ইসরায়েল ও বাহরাইনের আকাশসীমা কার্যত ফাঁকা হয়ে পড়েছে। ইসরায়েল ইরানে হামলার কথা স্বীকার করার পর যুক্তরাষ্ট্রও দেশটির একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কাতারের দোহা, আবুধাবি ও দুবাইয়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপসাগরীয় অঞ্চলে বিমান চলাচল সীমিত থাকার আশঙ্কা করা হচ্ছে।
দেশ ডেস্ক 






















