মাত্র ছয় মাস আগে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তরুণ পাইলট তৌকির ইসলাম সাগর। কিন্তু একটি ভয়াবহ দুর্ঘটনায় হঠাৎ থেমে গেল স্বপ্নযাত্রা। সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটির পাইলট ছিলেন তৌকির। এই দুর্ঘটনায় বহু শিক্ষার্থীর সঙ্গে প্রাণ হারান তিনিও।
সাগরের মৃত্যুর খবর পৌঁছানোর পর রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরে তার বাড়িতে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে বাড়ির পরিবেশ।
রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরে পাইলট সাগরের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে আছে। পরিবারের সদস্যদের একমাত্র আশা ছিল সাগরের উজ্জ্বল ভবিষ্যৎ এক নিমিষেই থেমে গেল।
পরিবারের সদস্যদের ঢাকায় নেওয়ার ব্যবস্থা করেছে বিমানবাহিনী। নিহত পাইলটের মেজ চাচা মতিউর রহমান জানান, ‘আমরা কিছুক্ষণ আগে তার মৃত্যুর খবর পেয়েছি। বিমানবাহিনীর পক্ষ থেকে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। ওই হেলিকপ্টারে সাগরের বাবা তোহরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন বৃষ্টি ঢাকায় গেছেন।’
তিনি আরও জানান, ‘সাগর কিছুদিন আগেই রাজশাহীতে এসেছিল। মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়। এখনও তার কোনো সন্তান হয়নি। মরদেহ এলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’
তবে বিমানটিকে রক্ষায় ও ক্ষয়ক্ষতি কমাতে শেষ পর্যন্ত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম চেষ্টা চালিয়ে যান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর এক বার্তায় জানায়, কুর্মিটোলাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবিলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন।
কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতালা একটি ভবনে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়।
বার্তায় দুঃখ প্রকাশ করে আরও জানানো হয়, অনাকাঙ্খিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসাসহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে। সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগসহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও বিষয়টিতে কাজ করছেন।
সেনা, নৌ ও বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে বলেও বার্তায় জানায় আইএসপিআর। দুর্ঘটনার কারণ উদঘাটনে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বলেও জানানো হয়।
ব্রেকিং নিউজ
ক্ষয়ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত চেষ্টা করেন পাইলট : আইএসপিআর
স্বপ্নযাত্রা থেমে গেল পাইলট তৌকিরের
-
দেশ প্রতিবেদক, রাজশাহী - প্রকাশ : ০১:০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- ৯৩ বার নিউজটি পড়া হয়েছে
জনপ্রিয়

















